ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খড়মপুরে শাহ সৈয়দ আহাম্মদ গেছুদারাজ (রহ.) ওরফে কেল্লা বাবার মাজারের চারটি দানবাক্সে এবার মিলেছে ১ কোটি ৩ লাখ ৩৫১ টাকা। দান করা হয়েছে স্বর্ণ, রৌপ্য ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাও।
সোমবার সকাল ৯টায় দানবাক্স খোলা শুরু হয়। প্রায় সাড়ে ১৯ ঘণ্টা গণনা শেষে মঙ্গলবার ভোর ৫টার দিকে টাকার হিসাব শেষ হয়। চারটি দানবাক্স থেকে মোট ১২ বস্তা টাকা পাওয়া যায়।
পরে মঙ্গলবার এসব টাকা সোনালী ব্যাংকের আখাউড়া শাখায় জমা দেওয়া হয়েছে বলে ব্যাংকটির ব্যবস্থাপক মো. পারভেজ আলম জানান।
আখাউড়ার ইউএনও ও মাজার পরিচালনা কমিটির সহসভাপতি তাপসী রাবেয়া বলেন, গণনা শেষে ১ কোটি ৩ লাখ ৩৫১ টাকা ব্যাংকে জমা রাখা হয়েছে। দান হিসেবে পাওয়া স্বর্ণ ও রৌপ্য যাচাই-বাছাই শেষে এর পরিমাণ জানানো হবে।
গত ১০ আগস্ট কেল্লা বাবার মাজারে সাত দিনব্যাপী ওরস শুরু হয়। ১৬ আগস্ট রাত পর্যন্ত চলে ওরসের আনুষ্ঠানিকতা। এ সময় দেশ-বিদেশ থেকে আসা ভক্তরা চারটি দানবাক্সে নগদ অর্থের পাশাপাশি স্বর্ণ, রৌপ্য ও বৈদেশিক মুদ্রা দান করেন।
টাকা গণনায় সোনালী ব্যাংকের কর্মকর্তা, মাজার শরিফ মাদ্রাসার শিক্ষার্থী ও অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী অংশ নেন।
মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খাদেম মিন্টু জানান, ২০২৩ সালে দানবাক্সে ৮৪ লাখ, ২০২২ সালে ৬৪ লাখ এবং ২০২১ সালে ৬১ লাখ টাকা পাওয়া গিয়েছিল। এবারই প্রথম দানবাক্সে কোটি টাকার বেশি পাওয়া গেল।

