Thursday, August 20

হবিগঞ্জে অসহনীয় লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে আটক তিনজনকে প্রায় ২১ ঘণ্টা পর মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাঁদের মুক্তি দেওয়া হয়।

মুক্তি পাওয়া তিনজন হলেন হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসান, মীর্জা সুমন ও রাজু।

জানা গেছে, সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে হবিগঞ্জে একটি বিক্ষোভ মিছিল আয়োজনের প্রস্তুতি চলছিল। সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ মাহদী হাসানসহ তিনজনকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যায়।

দীর্ঘ সময় তাঁদের থানায় রাখা হলে বিষয়টি নিয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। আটকের কারণ জানতে ও তাঁদের খোঁজ নিতে ঢাকা থেকে হবিগঞ্জে আসেন ফারজানা আহমেদ। তিনি জাতীয় নারীশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব।

আটকের প্রায় ২১ ঘণ্টা পর মঙ্গলবার দুপুরে মুচলেকা নিয়ে মাহদী হাসান, মীর্জা সুমন ও রাজুকে মুক্তি দেওয়া হয়।

তবে তাঁদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে কি না এবং কী কারণে এত দীর্ঘ সময় থানায় রাখা হয়েছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

তিনজনের মুক্তির পর বিক্ষোভ কর্মসূচি নিয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

Leave A Reply


Math Captcha
31 − = 21