ফিফা উইন্ডোর দ্বিতীয় প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। রোববার (৪ অক্টোবর) বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলেছে লিওনেল স্কালোনির দল।
এর আগে প্রথম প্রীতি ম্যাচে বলিভিয়াকে ৪-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। ফলে দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১১ গোল করলেও নিজেদের জাল অক্ষত রেখেছে বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাউতারো মার্তিনেস। অগাস্টিন জিয়াইকে বুরকিনা ফাসোর ডিফেন্ডার মুমুনি দিয়ালো ফাউল করলে পেনাল্টি পায় স্বাগতিকরা। মার্তিনেসের প্রথম শট গোলরক্ষক রাজাক গুইরা ঠেকিয়ে দিলেও ফিরতি বলে বাঁ পায়ের শটে গোল করেন তিনি।
জাতীয় দলের হয়ে টানা দ্বিতীয় ম্যাচে গোল পেলেন মার্তিনেস। বলিভিয়ার বিপক্ষেও ম্যাচের প্রথম গোলটি করেছিলেন তিনি। আর্জেন্টিনার হয়ে ৮৬ ম্যাচে তার গোলসংখ্যা এখন ৪২।
অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন বুরকিনা ফাসোর ডিফেন্ডার দিয়ালো।
১২তম মিনিটে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন জিয়ানলুকা প্রেস্তিয়ানি। এরপর ৩৫তম মিনিটে নিকোলাস পাজ এবং ৩৬তম মিনিটে হুলিয়ান আলভারেস গোল করলে বিরতিতে ৫-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।
বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে আর্জেন্টিনা। ৫৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুওনো। গোলরক্ষককে একা পেয়ে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে ব্যবধান ৬-০ করেন তিনি।
ম্যাচের শেষ বাঁশি বাজার আগে যোগ করা সময়ে আর্জেন্টিনার হয়ে সপ্তম গোলটি করেন জুলিয়ানো সিমিওনে। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

