ইন্টার মায়ামির মহাতারকা লিওনেল মেসি এবার স্প্যানিশ ফুটবলেও মালিকানা প্রতিষ্ঠা করলেন। স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেন্সের মালিকানা আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। এর মধ্য দিয়ে স্পেনে প্রথমবারের মতো কোনো পেশাদার ফুটবল ক্লাবের মালিক হলেন তিনি।
ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোলডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এলদেন্স ক্লাব কর্তৃপক্ষ মালিকানা পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে চুক্তিটি এখনো স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের (সিএসডি) আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিদ্যমান ক্রীড়া ও মালিকানা-সংক্রান্ত নিয়মের কারণে পরবর্তী সময়ে কিছু জটিলতা তৈরি হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অ্যালিকান্তে-ভিত্তিক ক্লাবটির আগের মালিক ছিল কলম্বিয়ান বিনিয়োগকারী প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ (Grupo TH)। কলম্বিয়া ও সুইজারল্যান্ডের কয়েকটি ক্লাবেও প্রতিষ্ঠানটির বিনিয়োগ রয়েছে। গত এক বছরের মধ্যে এলদেন্সের এটি তৃতীয় মালিকানা পরিবর্তন।
নতুন মালিক মেসিকে ঘিরে বড় পরিকল্পনার কথা জানিয়েছে এলদেন্স। এক বিবৃতিতে ক্লাবটি বলেছে, স্প্যানিশ পেশাদার ফুটবলে মেসির মতো গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্বের আগমন দীর্ঘমেয়াদি একটি প্রকল্পের সূচনা করছে। এর লক্ষ্য ক্লাবটির ক্রীড়া, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করা।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেন্সের ইতিহাসের বড় একটি সময় কেটেছে স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই বিভাগের বাইরে। অ্যালিকান্তের এলদা শহরের ৫ হাজার ৭৭৬ দর্শক ধারণক্ষমতার এস্তাদিও নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে নিজেদের হোম ম্যাচ খেলে ক্লাবটি।
১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবারের মতো স্পেনের দ্বিতীয় বিভাগে উন্নীত হয় এলদেন্স। ২০২৫ সালে অবনমন হলেও গত গ্রীষ্মে আবারও দ্বিতীয় বিভাগে ফিরে আসে দলটি।
ফুটবলের পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও মেসির বিনিয়োগের পরিধি বাড়ছে। স্পেনের বাইরে ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে উরুগুয়ের ক্লাব দেপোর্তিভো এলএসএমের আংশিক মালিকানার সঙ্গেও যুক্ত আছেন তিনি।
সূত্র: গোলডটকম
