আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে এস্তাদিও মাস মনুমেন্তালে বেনিনকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে এটিই ছিল মেসির শেষ ম্যাচ। ম্যাচ শেষে আবেগঘন ভাষণে সতীর্থ, ভবিষ্যৎ প্রজন্ম ও সমর্থকদের উদ্দেশে কথা বলেন তিনি। সেখানে ঐক্য ধরে রাখার পাশাপাশি একটি সতর্কবার্তাও দেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসি বলেন, কিছু মানুষ আর্জেন্টিনা জাতীয় দলকে সফল দেখতে চায় না। ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দল এক থাকলে অন্য সবার চেয়ে শক্তিশালী থাকবে এবং বড় লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।
মেসির ভাষায়, ‘আমরা যখন এক থাকি, তখন আমরা অন্য সবার চেয়ে শক্তিশালী। আমরা সবকিছু পার হতে পারি। কিন্তু আমরা এক থাকব, আর আমাদের এক থাকতেই হবে। সবচেয়ে বড় লক্ষ্যে পৌঁছাতে হলে আমাদের একসঙ্গে থাকতে হবে। কিছু মানুষ আছে, যারা চায় না এই জাতীয় দল জিতুক। কিন্তু আমাদের তাদের বিরুদ্ধে এক হতে হবে।’
তবে মেসি নির্দিষ্ট করে কারও নাম উল্লেখ করেননি। তাঁর বক্তব্যে সমালোচক ও দলের সাফল্যের বিরোধিতাকারীদের কথাই উঠে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
‘আমি চলে যেতে চাই না’
বিদায়ী ভাষণের শুরুতেই স্টেডিয়ামে উপস্থিত সমর্থক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের আর্জেন্টাইনদের প্রতি কৃতজ্ঞতা জানান মেসি।
তিনি বলেন, ‘এত বছর ধরে আপনারা আমাকে যে উষ্ণতা, সম্মান আর শর্তহীন ভালোবাসা দিয়েছেন, তা আমি সারা জীবন হৃদয়ে বয়ে বেড়াব। আমি আজ অন্য সময়ের চেয়ে বেশি কথা বলছি। কিন্তু সত্যি হলো, আমি চলে যেতে চাই না।’
মেসি আরও বলেন, ‘আমি চাই এখানেই আপনাদের সামনে এই জার্সি গায়ে চিরকাল খেলতে। কিন্তু সময় সবার জন্যই বয়ে যায়, আর এটা সম্ভব নয়।’
বিদায়ের দিনটি তাঁর জন্য অত্যন্ত কষ্টের বলেও জানান আর্জেন্টাইন তারকা। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই আবার বলছি, এটা আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আমার ক্যারিয়ারেরও। আমি আপনাদের খুব মিস করব।’
মাঠের বাইরে থেকেও থাকবেন পাশে
জাতীয় দলের জার্সি আর না পরলেও দলটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন মেসি। তিনি বলেন, ‘আমি জাতীয় দলের রংগুলো মিস করব। কিন্তু আমি আপনাদের পাশেই থাকব। এই ছেলেদের, এই তরুণ খেলোয়াড়দের আর যারা পরে আসবে, তাদের সমর্থন করব। আমরা সব সময় এক থাকব।’
সতীর্থদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। মেসির ভাষায়, ‘এটা আমার কারণে হয়নি। তোমরাই এটা সম্ভব করেছ। আমার স্বপ্ন সত্যি হয়েছে। তোমরা আমাকে সাহায্য করেছ।’
অপূর্ণতা ছাড়াই বিদায়
আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারে রয়েছে বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফিনালিসিমাসহ একাধিক আন্তর্জাতিক শিরোপা। ফলে জাতীয় দল থেকে বিদায়ের সময় বড় কোনো অপূর্ণ স্বপ্ন নিয়ে মাঠ ছাড়ছেন না তিনি।
ভাষণের শেষ দিকে মেসি বলেন, ‘আমি আর্জেন্টাইনই থাকব। আর্জেন্টাইন হতে পেরে আমি খুব কৃতজ্ঞ ও গর্বিত। আপনাদের সবার সঙ্গে স্বপ্ন পূরণ করতে পেরেছি বলেও আমি গর্বিত।’

