Thursday, October 8

বোলিংয়ে ব্যর্থতা ও মাঝের সারির ব্যাটসম্যানদের ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার দেওয়া ২০৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ১৬৬ রানেই থামে বাংলাদেশ।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের ৬৬ ও কালাম ফার্গুসনের ৬৩ রানের ইনিংসের পর শেষ দিকে বেন ডাঙ্কের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ২০৩ রানের বড় পুঁজি দাঁড় করায় অজিরা।

বাংলাদেশের হয়ে আবু জায়েদ রাহি তিনটি, জিয়াউর রহমান দুটি এবং রুবেল হোসেন একটি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। ইমরুল কায়েসের ৪১ ও ফজলে মাহমুদ রাব্বির ২৭ রানে দল লড়াইয়ে ছিল। কিন্তু দলীয় ৭১ রানে পরপর দুই উইকেট হারানোর পরই ব্যাটিংয়ে ধস নামে।

একপ্রান্তে অন্য ব্যাটসম্যানরা নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ একাই লড়াই চালিয়ে যান। মাত্র ২৬ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৫ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিয়াদ। তার ইনিংসে ছিল আটটি ছক্কার মার।

তবে শেষ দিকে জয়ের জন্য প্রয়োজনীয় রানরেট অনেক বেড়ে যাওয়ায় রিয়াদের একার লড়াই বাংলাদেশকে জয়ের বন্দরে নিতে পারেনি। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ১৬৬ রান করে ৩৭ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

Leave A Reply


Math Captcha
− 5 = 5