Wednesday, October 7

রাজনৈতিক সহিংসতা ও দেশের সার্বিক পরিস্থিতির কথা উল্লেখ করে চাঁদপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা পদত্যাগ করেছেন। মো. জাহাঙ্গীর আলম অজয় ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নিজের ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়টি জানান তিনি। একই সঙ্গে দলের কাছে দেওয়া পদত্যাগপত্রে তিনি পারিবারিক কারণের কথা উল্লেখ করেছেন।

পদত্যাগপত্রের ছবি সংযুক্ত করে দেওয়া ফেসবুক পোস্টে জাহাঙ্গীর আলম অজয় লেখেন, ‘সুন্দর একটা দেশ, জাতি বিনির্মাণে কাজ করার ইচ্ছা ছিল। কিন্তু আমাদের দেশের সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক সহিংসতায় কোনোভাবেই একজন ভালো মানুষ রাজনীতি করতে পারবে না।’

তিনি আরও লেখেন, ‘এই প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্ম আমার রাজনীতির জন্য খেসারত দিতে হবে। আমার ওপর অর্পিত এনসিপির ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করলাম।’

পোস্টের শেষে ‘ইনকিলাব জিন্দাবাদ’ লিখে নিজের বক্তব্য শেষ করেন তিনি।

তবে দলের কাছে দেওয়া পদত্যাগপত্রে ভিন্নভাবে কারণ উল্লেখ করেছেন জাহাঙ্গীর আলম অজয়। সেখানে তিনি লেখেন, কিছু অনিবার্য পারিবারিক কারণে সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না।

পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, দলের প্রতি তাঁর আন্তরিকতা, শ্রদ্ধা ও ভালোবাসা আগের মতোই অটুট রয়েছে। তবে বর্তমান পারিবারিক পরিস্থিতির কারণে দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যাঘাত বা সাংগঠনিক বিশৃঙ্খলা সৃষ্টি হোক, তা তিনি চান না।

এ কারণে দলের বৃহত্তর স্বার্থ ও সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বিবেচনা করে স্বেচ্ছায় ছেংগারচর পৌর শাখার আহ্বায়ক পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।

Leave A Reply


Math Captcha
63 − 58 =