Wednesday, October 7

ধর্মকে ব্যবসার উপকরণ হিসেবে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘আমরা কারও ভোট ছিনতাই করিনি, আবার বেহেশতে যাওয়ার টিকিটও দিইনি।’

বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের অস্তিত্বের ওপর কোনো আঘাত এলে শুধু সেনাবাহিনী নয়, জনগণও নিজেদের অস্তিত্ব রক্ষায় জেগে উঠবে। দেশের সীমান্তের পাশাপাশি অভ্যন্তরীণ পরিস্থিতি এবং প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর ভেতরেও নজর রাখার প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ‘আমরা তারেক রহমানের চাটুকারিতা করব না, বরং তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব। তবে এই মুহূর্তে দেশ পরিচালনায় বিএনপিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই।’ তার ভাষ্য, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে তারেক রহমান দেশকে এগিয়ে নিতে চান।

রাজনৈতিক কর্মসূচি ও দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ লং মার্চ বা শর্ট মার্চ করুক কিংবা হুমকি দিক—তাতে বাধা দেওয়ার বিষয় নেই। কেউ দেশে ফিরতে চাইলে তাকে ফিরতে দেওয়া উচিত এবং দেশে এসে আদালতের কার্যক্রমের মুখোমুখি হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বিগত সরকারের সমালোচনা করেন। শেখ হাসিনা ভারতকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন—এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তিনি নিজেই বলেছিলেন, বাংলাদেশ যা দিয়েছে, ভারত তা আজীবন মনে রাখবে।

দেশের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিএনপির এই নেতা সবাইকে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র ও অপচেষ্টা মোকাবিলায় জনগণকে প্রস্তুত থাকার কথাও বলেন তিনি।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক বলেন, বিভিন্ন অপশক্তি দেশকে কলুষিত করার চেষ্টা করছে। গণতন্ত্র রক্ষায় বর্তমান সরকারকে দেশ পরিচালনায় সময় দিয়ে বিরোধী দলগুলোর সহযোগিতা করা উচিত।

প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং মহাসচিব আহমেদুর রহমানের সঞ্চালনায় সভায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
52 + = 54