Wednesday, October 7

ঢাকা-খুলনা লংমার্চের তারিখ পরিবর্তন করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। পূর্বঘোষিত ১০ অক্টোবরের পরিবর্তে আগামী ৩১ অক্টোবর লংমার্চ কর্মসূচি পালন করবে জোটটি।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে লংমার্চ শুরু হবে। পরে ঢাকা-খুলনা-যশোর হয়ে কুষ্টিয়ায় গিয়ে সমাপনী সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করার কথা রয়েছে।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির বৈঠকে তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বৈঠকে লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে দায়িত্বশীলদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। কর্মসূচিতে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা নেতৃত্ব দেবেন বলে জানানো হয়েছে।

লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিসভা, গণসংযোগ, প্রচারপত্র বিতরণ, প্রশাসনের সঙ্গে যোগাযোগ এবং স্থানীয় পর্যায়ে ১১ দলীয় ঐক্যের নেতাদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

জোটের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিতে এ লংমার্চ অনুষ্ঠিত হবে।

এর আগে গত ৬ আগস্ট ঢাকায় মহাসমাবেশসহ চার বিভাগে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। ঘোষিত সূচি অনুযায়ী, ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর ঢাকা-খুলনা এবং ২৪ অক্টোবর ঢাকা-সিলেট লংমার্চ হওয়ার কথা ছিল। এর মধ্যে ঢাকা-খুলনা লংমার্চের তারিখ পরিবর্তন করে ৩১ অক্টোবর নির্ধারণ করা হলো।

Leave A Reply


Math Captcha
1 + 6 =