মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অনিয়ম দেখছে, সেখানেই ব্যবস্থা নিচ্ছে। কোনো ধরনের অন্যায়কে বিএনপি সরকার ছাড় দেবে না। যে অন্যায় করবে, তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল পুলিশ লাইনস মাঠে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে। কীভাবে পরিস্থিতি আরও উন্নত করা যায় এবং সমাজ থেকে মাদক কীভাবে দূর করা যায়, সেসব বিষয়েও কার্যক্রম চলছে।
মাদক প্রসঙ্গে তিনি বলেন, দেশে মাদক উৎপাদিত হয় না। তাঁর দাবি, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদক দেশে ঢুকিয়ে যুবসমাজকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মাদকের বিষয়ে কোনো ধরনের তদবির করা যাবে না। নিজ নিজ অবস্থান থেকে মানুষকে সচেতন করতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
পুলিশ সদস্যদের মাদক-সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীও তাদের সদস্যদের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেবে, যাতে কেউ মাদক-সম্পর্কিত কর্মকাণ্ডে জড়িত হতে না পারে।
অনুষ্ঠানে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সেলিম মিঞা, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আদিবুল ইসলাম, ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ এবং অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

