চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এতে আরও ৪৬ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়েছে ৩৩৯টি ঘরবাড়ি।
গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টা ৩৩ মিনিটে তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল নাগছু শহর থেকে প্রায় ১৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বের একটি পাহাড়ি এলাকায়। লাসা থেকে এলাকাটির দূরত্ব প্রায় ৩৯০ কিলোমিটার উত্তর-পূর্বে।
চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ভূমিকম্পে বহু ঘরবাড়ি ধসে পড়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়া ও নিখোঁজদের উদ্ধারে অভিযান জোরদার করা হয়েছে। এ কাজে তিন শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রেস্তোরাঁ ও সুপারমার্কেট থেকে আতঙ্কিত মানুষকে বেরিয়ে আসতে এবং দোকানের তাক থেকে পণ্য পড়ে যেতে দেখা গেছে।
এর আগে ২০২৫ সালের জানুয়ারিতে তিব্বতের তিংশি কাউন্টিতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১২৬ জন নিহত হয়েছিলেন।
সূত্র: এনডিটিভি

