যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে চলে গেলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্র অঞ্চলটি না ছাড়লে মার্কিন বাহিনীকে বিতাড়িত করার হুঁশিয়ারি দিয়েছে দেশটি।
শুক্রবার (১৬ অক্টোবর) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এ বক্তব্য দেন। খবর সিবিএস নিউজের।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আকরামিনিয়া বলেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য ছেড়ে চলে গেলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে। একই সঙ্গে এ অঞ্চলের দেশগুলোর অংশগ্রহণে সম্মিলিত নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং বৈশ্বিক অর্থনীতির উন্নতি হবে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র অঞ্চলটি ছেড়ে না গেলে তাদের বিতাড়িত করা হবে।
তবে আকরামিনিয়া ঠিক কোন পর্যায়ের মার্কিন উপস্থিতি প্রত্যাহারের দাবি জানিয়েছেন, তা স্পষ্ট করেননি। তাঁর বক্তব্যে চলমান যুদ্ধে পাঠানো মার্কিন বাহিনী, মধ্যপ্রাচ্যজুড়ে মোতায়েন করা সব মার্কিন সেনা, নাকি দেশটির সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের প্রত্যাহার বোঝানো হয়েছে, তা পরিষ্কার নয়।
হরমুজ প্রণালি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
চলতি মাসের শুরুর দিকে পারস্য উপসাগর থেকে তেল রপ্তানি যুদ্ধের আগের পর্যায়ের কাছাকাছি ফিরে আসার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের বক্তব্যে এখনো বিরোধ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। অন্যদিকে তেহরানের বক্তব্য, ইরানি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এই প্রণালি দিয়ে কোনো নৌযান চলাচল করতে পারবে না।
এদিকে গ্রিসভিত্তিক সামুদ্রিক ঝুঁকি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান মেরিস্কস বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, জাহাজের অবস্থান শনাক্ত করার ব্যবস্থা বন্ধ রাখলেও সেগুলো নির্বিচার হামলার ঝুঁকিতে রয়েছে। শনাক্ত হওয়া এড়াতে অনেক জাহাজ ইতিমধ্যে তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখেছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথগুলোর একটি হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ফলে এ পথে জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে।

