Saturday, October 17

ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে জাতীয় পতাকা ওড়ানোর কর্মসূচিকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ও ছাত্রনেত্রী নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) ‘লেহরা দো তিরঙ্গা’ শীর্ষক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় তাঁদের আটক করা হয়।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, যানজট ও নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ আগেই আয়োজকদের কর্মসূচি বাতিল করতে বলেছিল। এলাকায় ভারতীয় ন্যায়সংহিতার ১৬৩ ধারা জারি থাকার কথা জানিয়ে রাস্তা থেকে অভিজিৎ দীপকেকে পুলিশের গাড়িতে তোলা হয়।

দীপকে দাবি করেন, তিনি কোনো আইন ভাঙেননি। কর্মসূচি করতে বাধা দেওয়া হলে পুলিশকে বিকল্প স্থান নির্ধারণের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে, মান্ডি হাউস থেকে মিছিল শুরু করতে গেলে ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক করা হয়।

যন্তর মন্তরে প্রতিবাদ, পতাকা ওড়ানোয় গ্রেপ্তার

সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকার যন্তর মন্তরকে প্রতিবাদের স্থান হিসেবে ব্যবহারের অনুমতি বাতিল করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর প্রতিবাদে সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা যন্তর মন্তরে ব্যারিকেড ভেঙে জাতীয় পতাকা ওড়ান। পরে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কার মুক্তি এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচির ডাক দিয়েছিল সিজেপি।

জাতীয় পতাকা ওড়ানোর এই কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিতে আগে থেকেই উত্তেজনা ও কঠোর নিরাপত্তাব্যবস্থা ছিল। শুক্রবার দীপকে ও নেহা বোরাকে আটকের মধ্য দিয়ে পরিস্থিতি আরও আলোচনায় এসেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Leave A Reply


Math Captcha
76 − = 69