পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ভবনের ছাদ ধসে অন্তত ২৮ শিশুর মৃ’ত্যু হয়েছে। এ ঘটনায় এক নারী শিক্ষিকাও মা’রা গেছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রাদেশিক রাজধানীর দির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ারের আল খায়ের স্কুলের ছাদ ধসে পড়লে শিক্ষার্থীরা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। দুর্ঘটনার সময় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ছিল বলে জানিয়েছে ডেপুটি কমিশনারের কার্যালয়।
পেশোয়ারের ডেপুটি কমিশনার আফাক ওয়াজির পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে জানান, ছাদ ধসের পর বহু শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধারে কাজ করছেন।
লেডি রিডিং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার পর হাসপাতালে ২৮ শিশুর মরদেহ নেওয়া হয়েছে। একই ঘটনায় এক নারী শিক্ষকের মরদেহও হাসপাতালে আনা হয়। আহত শিশুদেরও হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতের সংখ্যা নিয়ে কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ ২০ শিশুর আহত হওয়ার কথা জানিয়েছে। অন্যদিকে ক্যাপিটাল সিটি পুলিশের কর্মকর্তা (সিসিপিও) মিয়া সাঈদ বলেছেন, আহত শিশুর সংখ্যা ৪০-এর বেশি।
এ ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মিয়া সাঈদ।
এদিকে প্রাদেশিক শিক্ষা সচিব ইনায়েতউল্লাহ ওয়াসিম বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে দুর্ঘটনার বিষয়ে আগামীকালের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি নিহত শিশু ও শিক্ষকদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।
স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

