যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত চারজন নি’হত হয়েছেন। নিহতদের মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। এ ঘটনায় সাত বছর বয়সী এক শিশু ও ৫৪ বছর বয়সী এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার অঙ্গরাজ্যটির বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে এ হামলার ঘটনা ঘটে। শহরটি পোর্টল্যান্ড থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।
বেন্ড পুলিশের প্রধান মাইক ক্রান্টজ এক সংবাদ সম্মেলনে জানান, নিহত তিন শিশুর বয়স পাঁচ, আট ও ১১ বছর। হামলায় জড়িত সন্দেহভাজন কিশোরের বয়স ১৬ বছর। তিনি বেন্ড শহরের বাসিন্দা ছিলেন এবং ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়। তবে তার নাম প্রকাশ করেনি পুলিশ।
পুলিশপ্রধানের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে দেখা গেছে, সন্দেহভাজন হামলাকারী বিদ্যালয়ের একটি তালাবদ্ধ দরজায় গুলি চালিয়ে জোরপূর্বক ভেতরে প্রবেশ করেন। তিনি আগে ওই বিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে জরুরি সেবায় প্রথম সাহায্যের ফোন আসে। এর পরের কয়েক মিনিটে আরও একাধিক ফোনকল আসে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
হামলায় আহত শিশু ও শিক্ষককে বেন্ড শহরের সেন্ট চার্লস মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা

