গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল মদসহ আটক হওয়ার খবর প্রকাশ হয়। সেই সময় মেহজাবীন চৌধুরীর সঙ্গে ছিলেন তাঁর স্বামী নির্মাতা আদনান আল রাজীব ও নির্মাতা শঙ্খ দাসগুপ্ত। ঘটনার পর গণমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে সমালোচনার মুখে পড়েন মেহজাবীন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিনেত্রী এই অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। মেহজাবীন বলেন, ‘কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছে, কিন্তু বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন এবং সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’
অভিনেত্রী আরও জানান, নতুনভাবে কাজে মনোনিবেশ করার সময় আবারও মানহানি করার চেষ্টা করা হচ্ছে। তিনি প্রযুক্তির অপব্যবহারের ওপরও উদ্বেগ প্রকাশ করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে বলে বলেন।
মেহজাবীন জানান, তিনি নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা নিয়েও প্রশ্ন তুলেছেন। শেষ পর্যন্ত নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, তিনি কেবল নিজের কাজ নিয়ে এগিয়ে যেতে চান এবং চান তাঁর পেশাগত কাজ আলোচনায় থাকুক, বিতর্কে নয়।

