ছোট পর্দার অভিনেতা তিনু করিম হৃদযন্ত্রের ক্রিয়াশক্তি বন্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় বরিশালে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন অভিনেতার স্ত্রী হুমায়রা নওশিন।
হুমায়রা নওশিন জানিয়েছেন, “তিনু পুরোপুরি সুস্থ ছিলেন। তিন দিন আগে আমরা গ্রামের বাড়ি বরিশালে এসেছি। দুপুরের দিকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া।”
গত বছর ৮ নভেম্বর বরিশালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনু করিম। অক্সিজেনের মাত্রা কমার পর ২৪ নভেম্বর ঢাকায় আনা হয় এবং আইসিইউতে ভর্তি করা হয়। দীর্ঘ ৪০ দিন হাসপাতাল জীবনসংগ্রামে কাটানোর পর জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় ফিরেছিলেন।
দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে থাকা তিনু করিম ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকে অভিষেক ঘটান। এরপর ‘অপেক্ষা’ সিনেমা, ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেন। মুঠোফোন অপারেটরের একটি বিজ্ঞাপন তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

