পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। সৌন্দর্য ও অভিনয় দক্ষতার মাধ্যমে ইতোমধ্যেই তিনি জয় করেছেন লাখো ভক্তের হৃদয়। তবে অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও প্রায়ই আলোচনায় থাকেন এই তারকা। এবার নেটিজেনদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছে হানিয়া আমিরের বিয়ে নিয়ে নতুন গুঞ্জন।

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, পাকিস্তানি গায়ক অসীম আজহারের সঙ্গে হানিয়া আমিরের ভেঙে যাওয়া প্রেম আবারও জোড়া লেগেছে। শুধু তাই নয়, আসন্ন রমজানেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই দুই তারকা।

গুঞ্জনে বলা হচ্ছে, হানিয়া আমির ও অসীম আজহার ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত হানিয়া আমির, অসীম আজহার কিংবা তাদের কোনো প্রতিনিধি আনুষ্ঠানিকভাবে কিছুই নিশ্চিত করেননি।

এর আগেও কয়েক মাস আগে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়, হানিয়া ও অসীম আবার সম্পর্কে জড়িয়েছেন। যদিও তখনও বিষয়টি তারা কেউই প্রকাশ্যে স্বীকার করেননি।

উল্লেখ্য, একসময় এই দুই তারকা পাকিস্তানি শোবিজের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের প্রেমের সম্পর্ক ছিল। পরে বিচ্ছেদের পর ২০২০ সালে হানিয়া আমির প্রকাশ্যে জানিয়েছিলেন, “আমরা শুধু ভালো বন্ধু।”

হানিয়ার সঙ্গে বিচ্ছেদের পর অসীম আজহার ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান করেন। তবে প্রায় তিন বছর পর, গত বছরের শুরুতে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর গত বছরের আগস্টে অসীম আজহারের একটি কনসার্টে হানিয়া আমিরের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়।

সব মিলিয়ে পুরোনো সম্পর্ক, সাম্প্রতিক উপস্থিতি এবং বিয়ের গুঞ্জন—নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন বলেই মনে করছেন অনেকে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি যে গুঞ্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, সেটাও স্পষ্ট।

Leave A Reply


Math Captcha
72 − = 71