Sunday, November 8

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি জিতেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট। শনিবার (৭ নভেম্বর) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত জমকালো অনুষ্ঠানে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে এ খেতাব অর্জন করেন তিনি। গত আসরের বিজয়ী ও মাহির ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা তাঁর মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

ছোট পর্দায় অভিনয় ও মডেলিংয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরেই দর্শকদের কাছে পরিচিত মুখ মাহি। ক্যামেরার সামনে সাবলীল উপস্থিতি এবং মঞ্চে আত্মবিশ্বাসী উপস্থাপনা তাঁকে প্রতিযোগিতায় এগিয়ে রাখে। এর আগে ‘মিস অরা বাংলাদেশ ২০২৩’সহ বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। র‍্যাম্প ওয়াক, বাচনভঙ্গি ও গ্রুমিংয়ের অভিজ্ঞতাও এবারের প্রতিযোগিতায় কাজে এসেছে।

ফাইনালের রাতে পাথরের কারুকাজ করা শ্যাম্পেন গোল্ড রঙের অফ-শোল্ডার মারমেইড গাউন পরে মঞ্চে হাজির হন মাহি। পোশাক নির্বাচন, হাসিমাখা উপস্থিতি এবং প্রশ্নোত্তর পর্বে বুদ্ধিদীপ্ত ও সাবলীল উত্তরের মাধ্যমে বিচারকদের নজর কাড়েন তিনি। বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী।

মুকুট জয়ের পর নিজের অনুভূতি প্রকাশ করে মাহি বলেন, ‘একটি স্বপ্ন, একটি মুকুট, আর নিজের চেয়েও অনেক বড় এক দায়িত্ব। অসামান্য গর্ব ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬-এর মুকুট অর্জন করতে পেরে আমি সম্মানিত ও গর্বিত। এটি শুধু আমার একার মুহূর্ত নয়, বরং পুরো বাংলাদেশের জন্য এক গর্বের মুহূর্ত।’

মাহি জানান, তাঁর বাবা-মা তাঁকে বলেছিলেন, ‘যাও, বিশ্ব জয় করে আসো।’ তাঁদের অনুপ্রেরণায় বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও মানুষকে তুলে ধরতে চান তিনি। এ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাঁর বিশ্বাস, ‘আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’

জাতীয় পর্যায়ে মুকুট জয়ের পর এবার মাহির সামনে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জ। আগামী ১১ নভেম্বর থেকে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোতে শুরু হওয়ার কথা রয়েছে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আয়োজন। আগামী ২৪ নভেম্বর দেশটির সান জুয়ানের কোলিসিও ডি পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

উল্লেখ্য, ২০২৫ সালে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা বিশ্বের ১২২টি দেশের প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছিলেন। এটি ছিল মিস ইউনিভার্স প্রতিযোগিতার ইতিহাসে বাংলাদেশের প্রথম প্লেসমেন্ট। এবার বন্ধুর পরামর্শ ও নিজের প্রস্তুতি নিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন সামিরা খান মাহি।

Leave A Reply


Math Captcha
+ 22 = 31