Friday, November 6

জনপ্রিয় উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। এর মধ্যেই নতুন করে কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন তিনি। প্রায় তিন মাস আগে তার শরীরে দ্বিতীয়বারের মতো ম্যালিগন্যান্ট শনাক্ত হয়েছে। এবার তিনি ওভারিয়ান ক্যানসারেও আক্রান্ত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বর্তমান শারীরিক ও মানসিক অবস্থার কথা জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন সামিয়া আফরিন। সেখানে তিনি জানান, তিন মাস আগে পরীক্ষার পর তার শরীরে দ্বিতীয় ম্যালিগন্যান্ট শনাক্ত হলে দ্রুত অস্ত্রোপচার করা হয়। পরে চিকিৎসকেরা এটিকে ‘হাই-গ্রেড কার্সিনোমা’ হিসেবে বর্ণনা করেন। বর্তমানে তাকে কঠিন কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।

এর আগে ২০২৫ সালের মার্চে ক্যানসার জয়ের গল্প প্রকাশ্যে এনেছিলেন এই অভিনেত্রী। তখন তিনি জানিয়েছিলেন, ২০২২ সালের দিকে তার শরীরে চতুর্থ স্টেজের ক্যানসার শনাক্ত হয়। প্রায় দুই বছর চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তী সময়ে ক্যানসারে আক্রান্ত রোগীদের সহায়তায় একটি ফাউন্ডেশন গড়ে তুলে কাজ শুরু করেন তিনি।

নিজের বর্তমান কঠিন সময়ের অভিজ্ঞতা জানিয়ে সামিয়া আফরিন বলেন, ‘প্রথমবার কেমো নিতে হয়নি। ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই আমার কাছে একটু অন্যরকম।’

তিনি জানান, চিকিৎসকেরা তাকে বলেছেন কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে। তবে বিষয়টি নিয়ে মন খারাপ না করে বাস্তবতাকে স্বাভাবিকভাবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামিয়া বলেন, ‘সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই—সময়ের সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করতে পারাটাই আসল।’

কেমোথেরাপির কারণে চুল পড়ে যাওয়ার আগেই নিজেই নতুন হেয়ারকাট করার সিদ্ধান্ত নিয়েছেন সামিয়া। নিজের নতুন লুককে উদ্‌যাপন করে মানসিকভাবে নিজেকে অনুপ্রাণিত করতে চেয়েছেন তিনি।

সামিয়া বলেন, ‘জানি, হয়তো কিছু দিন পর চুল পড়ে যাবে। কিন্তু তার আগেই নিজের এই নতুন লুকটাকে সেলিব্রেট করে, নিজেকেই একটু মোটিভেট করতে চাইলাম।’

নিজের এই কঠিন যাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, যারা ক্যানসারের এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন লড়াইটি কতটা কঠিন। নিজের কাছের কোনো মানুষকে যেন কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

সবশেষে নিজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সামিয়া আফরিন। তিনি বলেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন—আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন। আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি এবং খুব শিগগির আমার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি। দোয়ায় রাখবেন।’

Leave A Reply


Math Captcha
73 − 68 =