Friday, November 6

ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া জেলায় চালু হয়েছে বিআরটিসির ‘পিংক বাস’ সেবা। নারী চালক ও কন্ডাক্টরদের কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ তৈরি করা এ উদ্যোগের প্রশংসা করেছেন ঢালিউড অভিনেত্রী আফিয়া নুসরাত বর্ষা।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে বর্ষা বলেন, ব্যক্তিগতভাবে গোলাপি রং তার খুব একটা পছন্দের নয়। তবে নারীদের পরিচালনায় চালু হওয়া পিংক বাসের উদ্যোগটি তার ভালো লেগেছে।

পিংক বাসে দায়িত্ব নেওয়া নারী চালক ও কন্ডাক্টরদের শুভকামনা জানিয়ে অভিনেত্রী বলেন, তাদের দেখে আরও অনেক নারী নিজেদের স্বপ্ন বড় করে দেখার সাহস পাবেন এবং নিজের পায়ে দাঁড়ানোর অনুপ্রেরণা পাবেন।

বর্ষা বলেন, মেয়েরা এখন প্রাইভেটকার, বিমান ও হেলিকপ্টার চালাচ্ছেন। তাহলে বাস কেন চালাতে পারবেন না? সুযোগ পেলে নারীরা যেকোনো কাজই দক্ষতার সঙ্গে করতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

নারীদের জন্য ভালো ও সম্মানজনক চাকরি পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে উল্লেখ করে বর্ষা বলেন, পিংক বাসের মতো উদ্যোগ নারীদের জন্য গুরুত্বপূর্ণ। তার ভাষায়, ‘কাজ মানেই সম্মান।’ কোনো কাজকেই ছোট করে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

নারীদের আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে অভিনেত্রী বলেন, ‘আমিও একদিন এই গাড়িটি চালাব’—এমন আত্মবিশ্বাস নারীদের মধ্যে তৈরি হওয়া প্রয়োজন। পিংক বাসের মাধ্যমে আরও অনেক নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নারী চালকদের সাহস ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনের শুভকামনা জানিয়ে বর্ষা নিজেও পিংক বাসে যাত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ হঠাৎ করে আমিও যাত্রী হয়ে যাব।’

উল্লেখ্য, গত মঙ্গলবার রাজধানীর তেজগাঁও বিআরটিসি ডিপোতে পিংক বাস সেবার উদ্বোধন করা হয়। এসব বাসে নারী যাত্রীদের পাশাপাশি নারী চালক ও কন্ডাক্টর থাকবেন।

Leave A Reply


Math Captcha
33 − = 24