Friday, November 6

‘গাটার জেনারেশন’ মন্তব্য নিয়ে বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে কটাক্ষ করেছিলেন যোগগুরু ও ব্যবসায়ী রামদেব। এবার সামাজিক মাধ্যমে পালটা জবাব দিয়েছেন কঙ্গনা।

বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে রামদেবকে উদ্দেশ করে কঙ্গনা বলেন, তার যৌবন বা ব্যক্তিগত জীবন নিয়ে দিবাস্বপ্ন না দেখতে। পাশাপাশি রামদেবকে তাকে চরিত্রের শিক্ষা না দেওয়ারও পরামর্শ দেন তিনি।

কঙ্গনা দাবি করেন, তার বিরুদ্ধে ভুয়া বা প্রতারণামূলক চিকিৎসাদ্রব্য বিক্রির অভিযোগ নেই এবং এ ধরনের ঘটনায় তাকে সুপ্রিম কোর্টের ধমকও খেতে হয়নি। এসব কোনো গুজব নয়, তথ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে এক সাক্ষাৎকারে কঙ্গনার ‘গাটার জেনারেশন’ মন্তব্যের সমালোচনা করেন রামদেব। তিনি প্রশ্ন তোলেন, কঙ্গনার শৈশব ও যৌবন কেমন ছিল এবং দেশের তরুণদের ‘নর্দমা’ বলা ভুল ও বিকৃত মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেন।

কঙ্গনা তার যোগাভ্যাসের অনুরাগী এবং নিজেকে সনাতনী হিসেবে পরিচয় দেন—এ কথা উল্লেখ করা হলে রামদেব বলেন, কেউ তার যোগের প্রশংসা করলেই তার কথিত পাপকাজ ঢেকে রাখবেন না।

রামদেবের মন্তব্যের পর কঙ্গনার পালটা জবাবের জল্পনার মধ্যেই ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।

Leave A Reply


Math Captcha
97 − 90 =