ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় মডেল রিধিকা রিধির ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় করা মামলায় তাঁর প্রেমিক হাসিবুর রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে হাসিবুরের পক্ষে আইনজীবী গোলাম কিবরিয়া ছোটন জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নাকচ করে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই কামাল হোসেন।
গত শনিবার সকালে বসুন্ধরার বাসার শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রিধিকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রিধির মা মনি বেগম বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে ভাটারা থানায় মামলা করেন। মামলায় হাসিবুর রহমানকে আসামি করা হয়েছে। ঘটনার দিন রিধির বাসায় গিয়ে সেখান থেকেই গ্রেপ্তার হন তিনি।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় রিধি তাঁর প্রেমিকের সঙ্গে ভিডিও কলে ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনের পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।
মডেলিংয়ের পাশাপাশি কয়েকটি নাটকেও অভিনয় করেছেন রিধি। তাঁর অভিনীত নাটকের মধ্যে রয়েছে ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’।

