Friday, November 6

প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভাল’। যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে ইতোমধ্যেই এ উৎসবকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন। সেখানে প্রায় এক যুগ পর ‘ইতিহাস’ সিনেমার দুই অভিনেতা জায়েদ খান ও কাজী মারুফকে একই মঞ্চে দেখা যাবে।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চিত্রনায়ক ইমন, অভিনেতা সজল, চিত্রনায়িকা বিন্দু এবং জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। জায়েদ খানের অংশগ্রহণকে ঘিরে প্রবাসী দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

উৎসবে দেশ-বিদেশের নির্মাতা, অভিনয়শিল্পী, চলচ্চিত্রপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেবেন। চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকবে তারকাদের সঙ্গে মতবিনিময়, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান।

উৎসবের তৃতীয় দিন, ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ এবং ‘ঈদ মোবারক’। পাশাপাশি প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিশ্বাস করেন ভাই’ এবং প্রসূন রহমানের ‘শিকড়’।

২ আগস্ট অনুষ্ঠিত হবে উৎসবের মূল আয়োজন। এতে অংশ নিতে বাংলাদেশ থেকে ইতোমধ্যে বেশ কয়েকজন চলচ্চিত্র তারকা নিউইয়র্কে পৌঁছেছেন বলে জানিয়েছেন আয়োজকরা।

প্রথমবারের মতো আয়োজন হলেও গত তিন বছরের (২০২৩-২০২৫) বাংলা চলচ্চিত্র অঙ্গনের সেরা কাজ ও শিল্পীদের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। সেরা চলচ্চিত্র, অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, গায়ক-গায়িকা ও কলাকুশলীসহ মোট ২০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

এবারের উৎসবে বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা আহমেদ শরীফকে প্রদান করা হবে আজীবন সম্মাননা (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)।

আয়োজকদের মতে, চলচ্চিত্র প্রদর্শনী, তারকাদের উপস্থিতি, সাংস্কৃতিক পরিবেশনা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠান এবারের উৎসবকে আরও বর্ণিল করে তুলবে। বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক দর্শকের কাছে তুলে ধরা এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সঙ্গে দেশের চলচ্চিত্রের সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করাই এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

Leave A Reply


Math Captcha
− 5 = 2