Friday, November 6

বিনোদন ডেস্ক

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ অ্যালিস ইন বর্ডারল্যান্ড-এ ‘চিশিয়া’ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক পরিচিতি পাওয়া জাপানি অভিনেতা নিজিরো মুরাকামির বিরুদ্ধে প্রাক্তন প্রেমিকাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে মামলাটি প্রসিকিউটরদের কাছে পাঠিয়েছে টোকিও মেট্রোপলিটন পুলিশ।

জাপানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে টোকিওর শিবুয়া এলাকায় তাদের বাসায় একাধিকবার ওই নারীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মুরাকামি প্রাক্তন প্রেমিকার চুল টেনে ধরেন, মাথা জানালায় আঘাত করেন এবং মুখে ঘুষি মারেন। এসব হামলায় ওই নারীর সুস্থ হতে এক মাসেরও বেশি সময় লাগে।

পরে ভুক্তভোগী টোকিও মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ মারধরের সন্দেহে মামলাটি প্রসিকিউটরদের কাছে পাঠিয়েছে। এখন আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রসিকিউটররা।

জিজ্ঞাসাবাদের সময় মুরাকামি নাকি বলেছেন, “তাকে যে আমি আঘাত করেছি, তাতে কোনো সন্দেহ নেই।” তবে অভিযোগ প্রকাশ্যে আসার পর এখন পর্যন্ত অভিনেতা কিংবা তার ট্যালেন্ট এজেন্সির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

২৯ বছর বয়সী নিজিরো মুরাকামি অ্যালিস ইন বর্ডারল্যান্ড সিরিজে ‘চিশিয়া’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পান। এছাড়া Still the Water এবং Last of the Wolves চলচ্চিত্রে অভিনয়ের জন্যও প্রশংসা অর্জন করেন।

২০২৩ সালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অভিনয় থেকে বিরতির ঘোষণা দিয়েছিলেন মুরাকামি। পরে Alice in Borderland-এর একটি ক্যামিও উপস্থিতি এবং Lost and Found সিরিজের মাধ্যমে অভিনয়ে ফেরেন। তার নতুন চলচ্চিত্র Strange Stories That Keep You Up at Night আগামী ৩ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave A Reply


Math Captcha
1 + 7 =