চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর দুই ছেলে এবং তাঁদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে এলাকায় ফের আধিপত্য বিস্তারের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সাবেক এমপির ভাতিজা সৈয়দ মাহতাবুল বশরের মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।
নিরাপত্তার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা অভিযোগ করেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর সাবেক এমপির দুই ছেলে সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও আফতাবুল বশর মাইজভান্ডারী পুনরায় এলাকায় নিজেদের প্রভাব বিস্তারের উদ্যোগ নিয়েছেন।
স্থানীয়দের দাবি, তাঁরা সরাসরি প্রকাশ্যে না এসে তাঁদের ভাতিজা সৈয়দ মাহতাবুল বশরের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনার চেষ্টা করছেন। এ নিয়ে এলাকায় নতুন করে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান তাঁরা।
এদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় সৈয়দ তৈয়বুল বশর মাইজভান্ডারী ও আফতাবুল বশর মাইজভান্ডারীর বিরুদ্ধে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে প্রায় ৩৯ কোটি ৪০ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ওই মামলায় তাঁদের জামিন আবেদন খারিজ হলেও তাঁরা পুনরায় জামিনের চেষ্টা করছেন।
এলাকার কয়েকজন প্রবীণ ব্যক্তি অভিযোগ করেন, মামলার আসামিরা আড়ালে থেকে বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। এতে সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়েছে বলেও দাবি করেন তাঁরা।
তবে এসব অভিযোগের বিষয়ে সৈয়দ মাহতাবুল বশরের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য জানতে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। একই সঙ্গে কেউ যাতে আইন নিজের হাতে তুলে নিয়ে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।
তবে স্থানীয়দের করা আধিপত্য বিস্তারের অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

