Thursday, November 19

বাইরে সহিংসতা করে ঢাকায় এসে বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরতে চিরুনি অভিযান শুরু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, এ ধরনের ব্যক্তিদের আশ্রয়স্থলগুলোতে নজরদারি রয়েছে। শিগগিরই অভিযান শুরু হবে।

আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা চালিয়ে পালিয়ে ঢাকায় আশ্রয় নিচ্ছেন অনেকে। তাঁদের গ্রেপ্তারে কোনো অভিযান শুরু হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কয়েকজন সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্বকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁরা আশ্রয় নিয়েছেন ও পালিয়ে আছেন, তাঁদের ধরতে শিগগির চিরুনি অভিযান শুরু হবে।

তিনি বলেন, নাশকতা প্রতিরোধে রাজধানীজুড়ে চেকপোস্ট ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। কেউ নাশকতার উদ্দেশ্যে বের হলে তাঁকে শনাক্ত করে আইনের আওতায় আনাই এসব চেকপোস্টের মূল উদ্দেশ্য। নাশকতার ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে পুলিশ কাজ করছে।

এডিসি নিয়াজ মেহেদী আরও বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ৬৪টি মামলা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭১ জন সদস্য রয়েছেন। এ সময় ছয়টি বিস্ফোরিত ককটেলের খণ্ডাংশ ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে কেপিআই হিসেবে বিবেচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থাপনায় আগাম পরিকল্পনা অনুযায়ী পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও নজরদারি চলছে।

সাইবার স্পেসেও পুলিশের নজরদারি অব্যাহত আছে জানিয়ে তিনি বলেন, মাঠপর্যায়ে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। নাশকতার যেকোনো চেষ্টা প্রতিরোধে পুলিশ প্রস্তুত।

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর বারিধারা থেকে নাশকতাসহ বিভিন্ন মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে বারিধারা এলাকার একটি বাসা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

Leave A Reply


Math Captcha
80 + = 88