Monday, November 16

সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শনিবার রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় মন্ত্রী এ তথ্য জানান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। নির্ধারিত সময়ে টার্মিনালের কার্যক্রম শুরু নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সবার দীর্ঘদিনের নিরলস প্রচেষ্টার ফলেই টার্মিনালটি চালুর পর্যায়ে পৌঁছেছে।

মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ দায়িত্ব অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করা হবে।

বেবিচক সূত্র জানায়, প্রাথমিকভাবে দুটি আগমনী ও দুটি বহির্গামী ফ্লাইটসহ মোট চারটি ফ্লাইট দিয়ে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। পাশাপাশি টার্মিনালের অন্যান্য কাজও চলবে। আগামী মার্চে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্য নিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

বেবিচক জানিয়েছে, টার্মিনাল চালুর প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় ইমিগ্রেশন বুথে কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। এ ছাড়া গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

সভায় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত ছাড়াও ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিবসহ মন্ত্রণালয়, বেবিচক ও জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
28 − 19 =