Saturday, April 18

জ্বালানি তেলের কথিত সংকটের কারণে অনেক পেট্রোল পাম্প বন্ধ রেখে তেল নেই বলে জানানো হচ্ছে। কোথাও কোথাও আবার হঠাৎ করে সীমিত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। এতে তেলের অনিশ্চয়তায় পাম্পের সামনে যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়ে মহাসড়কে যানজটের সৃষ্টি করছে। পাশাপাশি তেল না পাওয়ায় মহাসড়কে গণপরিবহনের সংখ্যাও কমে যাচ্ছে।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন তেলের পাম্প ঘুরে ও স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

অনুসন্ধানে জানা যায়, টঙ্গী অঞ্চলে মোট ১৩টি সিএনজি স্টেশন ও ৪টি তেলের পাম্প রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে অধিকাংশ পাম্প খোলা থাকার কথা বলা হলেও বাস্তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। কয়েকটি পাম্প মাঝে মাঝে তেল সরবরাহ করছে।

তেলের আশায় ঘণ্টার পর ঘণ্টা পাম্পে অসংখ্য গণপরিবহন লাইন ধরে অপেক্ষা করছে। এসব গাড়ির দীর্ঘ সারি মহাসড়কে যানজট তৈরি করছে। প্রয়োজনীয় তেল না পাওয়ায় অনেক বাস চলাচলও কমে গেছে।

রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজার এলাকার এনভারো ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেলের জন্য অপেক্ষমাণ যানবাহনের লম্বা লাইন মহাসড়কের এক পাশ প্রায় বন্ধ করে রেখেছে।

পাম্পে অপেক্ষমাণ মোটরসাইকেল চালক রাসেল মিয়া বলেন, “তেল কখন দেবে জানি না। সবার মতো আমিও লাইনে দাঁড়িয়ে আছি।” এ বিষয়ে পাম্প কর্তৃপক্ষের কেউ কথা বলতে রাজি হননি।

টঙ্গী স্টেশন রোডে অপেক্ষমাণ জামালপুরগামী যাত্রী ইকবাল বাহার বলেন, “বাস অনেক কম। তেলের অভাবে গণপরিবহন কমে গেছে।”

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, পাম্পগুলোতে নজরদারি করা হচ্ছে। পর্যাপ্ত তেল রয়েছে দাবি করে তিনি জানান, কেউ কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave A Reply


Math Captcha
3 + 3 =