এলপিজির (তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস) দাম আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এলপিজির আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে তিনি এ তথ্য জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা বেড়ে যাওয়ায় কিছু খুচরা বিক্রেতা সুযোগ নিচ্ছেন, যার ফলে ভোক্তারা সমস্যায় পড়ছেন। তিনি জানান, ভোক্তা পর্যায়ে যাতে কোনো ভোগান্তি না হয়, সে লক্ষ্যে সংশ্লিষ্টদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, আমদানিকারক ও সরবরাহকারীরা যেসব সমস্যার কথা জানিয়েছেন, সেগুলোর সমাধানে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মনিটরিং কার্যক্রমও জোরদার করা হবে।
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার মনিটরিং বাড়ানোর মাধ্যমে এলপিজির দাম স্থিতিশীল রাখা এবং আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, গত ৫ আগস্টের পর অনেক আমদানিকারক নিষ্ক্রিয় হয়ে পড়েছেন, যার ফলে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে। সরকার এসব সমস্যার সমাধানে কাজ করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন–এর স্টোরেজ সক্ষমতা তুলনামূলক কম হলেও বেসরকারি খাতের স্টোরেজ সুবিধা ব্যবহার করে সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সহযোগিতা পাওয়া যাচ্ছে।

