বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ঊর্ধ্বমুখী থাকলেও দেশের বাজারে আগস্ট মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রলের সর্বশেষ নির্ধারিত খুচরা মূল্যই আগামী আগস্ট মাসেও বহাল থাকবে। ফলে আগামী ১ আগস্ট থেকে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, অকটেন ১৪৫ টাকা এবং পেট্রল ১৪০ টাকায় বিক্রি হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগস্ট মাসের জন্য বিদ্যমান মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ৩১ মে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। পরবর্তীতে জুন ও জুলাই মাসেও মূল্য অপরিবর্তিত রাখা হয়েছিল। টানা তৃতীয় মাসের মতো আগস্টেও একই মূল্য কার্যকর থাকছে।
সরকার গত বছরের মার্চ মাস থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এ ব্যবস্থার আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করা হয়। একইভাবে আন্তর্জাতিক বাজারের দামের ভিত্তিতে প্রতি মাসে তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, দেশে বছরে প্রায় ৭২ লাখ টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। এর মধ্যে প্রায় ৭৫ শতাংশই ডিজেল, যা মূলত কৃষি সেচ, পরিবহন ও জেনারেটরে ব্যবহৃত হয়। বাকি ২৫ শতাংশ চাহিদা পূরণ হয় পেট্রল, অকটেন, কেরোসিন, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলসহ অন্যান্য জ্বালানি তেল দিয়ে।
বর্তমানে ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের মূল্য নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অন্যদিকে, জেট ফুয়েল ও ফার্নেস অয়েলের দামসহ এলপিজির মূল্য নির্ধারণের দায়িত্ব পালন করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

