Saturday, April 18

কৃষক-শ্রমিক-জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, মুজিবনগর দিবস কারো একার নয়, কোনো দলের একারও নয়। এটি সকল দল-মত-পথের মানুষের দিবস।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সখীপুরে নিজ বাসভবনে মুজিবনগর দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, মুজিবনগরে সরকার গঠন না হলে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। তাই মুজিবনগর দিবস আওয়ামী লীগ বা বিএনপির নয় এটি পুরো জাতির। যে কেউ পালন করুক বা না করুক, এটি সবার দিবস।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হলেও স্বাধীনতার প্রকৃত মূল্যায়ন আমরা করতে পারিনি। স্বাধীনতা কোনো দলের নয়, এটি পুরো দেশের। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বাংলাদেশ-সব দলের মানুষের।

কাদের সিদ্দিকী বলেন, মানুষের সেবা ও পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি কৃষক-শ্রমিক-জনতা লীগ গঠন করেছিলেন। বঙ্গবন্ধুর চিন্তা-চেতনার সঙ্গে তাদের কোনো দূরত্ব নেই উল্লেখ করে তিনি বলেন, তার দল বঙ্গবন্ধু ও মওলানা ভাসানীর আদর্শের ধারক।

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ছয় দফা, এগারো দফা আন্দোলন এবং ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান—সব মিলিয়ে স্বাধীনতার পথ তৈরি হয়েছে। এসব আন্দোলনের ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭০ সালের নির্বাচনে জনগণের বিপুল সমর্থন পাওয়া যায়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে কাদের সিদ্দিকী বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর পর তাকে দেখে তার বক্তব্যে শালীনতা, গভীরতা ও জাতীয় ঐক্যের আকাঙ্ক্ষা লক্ষ্য করেছেন এবং এজন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

সখীপুর উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি আব্দুস সবুর খানের সভাপতিত্বে সভায় উপজেলা কৃষক-শ্রমিক-জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিক জাহাঙ্গীর, আব্বাস আলী মাস্টার ও সাংগঠনিক সম্পাদক তুহিন সিদ্দিকীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply


Math Captcha
41 − 31 =