Saturday, April 18

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ডালিয়া নওশীন মারা গেছেন। বুধবার (১ এপ্রিল) বেলা ১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

শিল্পীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার খালাতো বোন, প্রখ্যাত সংগীতশিল্পী সাদিয়া আফরীন মল্লিক। তার মৃত্যুতে দেশের সঙ্গীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সংগীতশিল্পী ইয়াসমিন মুশতারি ও ফারহিন খান জয়িতাসহ অনেকে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, সঙ্গীতই ছিল ডালিয়া নওশীনের জীবনের প্রধান অনুষঙ্গ। ৭০ পেরিয়েও তিনি নিয়মিত কণ্ঠচর্চা করতেন এবং সুযোগ পেলেই মঞ্চ ও টেলিভিশনে গান পরিবেশন করতেন। ক্যান্সার জয় করার পর জীবনের শেষ কয়েক বছর তিনি লিভারের জটিলতায় ভুগছিলেন।

১৯৫৫ সালে জন্মগ্রহণ করা এই শিল্পী ছোটবেলা থেকেই সংগীতে অনুরাগী ছিলেন। তার বাবা মাজহারুল ইসলাম ছিলেন প্রথিতযশা স্থপতি, যার কাছ থেকেই তিনি অনুপ্রেরণা পান। মাত্র পাঁচ বছর বয়সে কিংবদন্তি শিল্পী সুধীন দাশ-এর কাছে উত্তর ভারতীয় ধ্রুপদী সঙ্গীত ও নজরুল সঙ্গীত শেখা শুরু করেন। পরে ছায়ানট থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেন এবং ভারতে উচ্চাঙ্গ সংগীতে প্রশিক্ষণ গ্রহণ করেন।

মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ‘বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা’ এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। বিভিন্ন স্থানে স্বাধীনতার পক্ষে গান পরিবেশনের পর তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন।

সংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি একুশে পদক লাভ করেন। সংগীতাঙ্গনে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

Leave A Reply


Math Captcha
3 + 3 =