রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় ব্যাগ তল্লাশির সময় মো. শাহ্ আলম (৩৩) নামের এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যাত্রাবাড়ী থানায় কর্মরত। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার পুলিশ কনস্টেবল নজরুল ইসলাম জানান, শনিবার দুপুর ২টার দিকে কুতুবখালী পকেট গেট সংলগ্ন চেকপোস্ট এলাকায় ডিউটিকালীন অবস্থায় দুই যুবকের মধ্যে একজনের ব্যাগ দেখে সন্দেহ হয়। পুলিশ অফিসারের নির্দেশে কনস্টেবল মো. শাহ্ আলম ব্যাগ তল্লাশি করতে গেলে ওই যুবক তার কপালে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত শাহ্ আলমকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

