Friday, November 6

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি রাজনীতিতে উঠে এসেছেন, কিন্তু কিছু দল ও ব্যক্তি ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে হঠাৎ করেই নেতা হয়ে গেছেন।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমার এখানে আসতে অনেকগুলো ঘাট পার হতে হয়েছে। ১৯৭৭ সাল থেকে রাজনীতি শুরু করেছি, আর এখন এখানে এসেছি। কিন্তু ওরা তো এসব ঘাট পার হয়নি। ওরা কিছু ছেলেমেয়েদের রক্তের বিনিময়ে চট করে নেতা হয়ে গেছে। আর আমরা রক্ত দিয়ে নেতা হয়েছি।”

মির্জা আব্বাস বলেন, এসব নেতারা পরামর্শ গ্রহণে অনাগ্রহী। “এরা পরামর্শ নেওয়ার লোক না। এদেরকে পরামর্শ দেওয়া খুবই ডিফিকাল্ট,” বলেন তিনি।

ভোটারদের উপস্থিতি ও আগ্রহ প্রসঙ্গে তিনি বলেন, ভোটারদের উৎসাহ আশাব্যঞ্জক। তারা ভোট দিতে আগ্রহী হলেও এবারের নির্বাচন উপভোগ করা যাচ্ছে না। “ভোট আসলে উপভোগ করার বিষয়, কিন্তু এবার সেটা ডিফিকাল্ট হয়ে গেছে,” যোগ করেন তিনি।

নির্বাচনী পরিবেশ নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, বিরোধী দল জামায়াতে ইসলামীসহ তাদের সহযোগী সংগঠনগুলোর আচরণ নির্বাচনের জন্য উপযুক্ত নয়। “তাদের আচরণ বহির্ভূত। নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে—এমন কর্মকাণ্ড তাদের দিক থেকে দেখা যাচ্ছে,” বলেন তিনি।

মির্জা আব্বাস আরও বলেন, “ওদের সম্পর্কে কথা বলা খুব ডিফিকাল্ট। কারণ ওরা উল্টাপাল্টা ব্যাখ্যা করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। কিন্তু এসব আমরা চাই না।”

তিনি জানান, এ বিষয়ে তিনি ইতোমধ্যে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জমা দিয়েছেন। তার অভিযোগ, বিরোধীদের কথাবার্তা ও বডি ল্যাঙ্গুয়েজ মিলিয়ে নির্বাচনের জন্য সহনীয় পরিবেশ এখনো তৈরি হয়নি।

Leave A Reply


Math Captcha
+ 5 = 14