Friday, November 6

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কোনো কোনো মহল নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এ ব্যাপারে জনগণকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’ গতকাল বিকেলে ঢাকা–টাঙ্গাইল–উত্তরবঙ্গ মহাসড়কের ঘারিন্দা বাইপাসে জেলা বিএনপির নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সাবুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং টাঙ্গাইলের আটটি আসনের বিএনপি প্রার্থীরা বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, ‘এখনো কোনো কোনো মহল বিভিন্নভাবে ভোট বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাদের লোকজন মা-বোনদের কাছে গিয়ে এনআইডি ও বিকাশ নম্বর নেওয়ার চেষ্টা করছে।’ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘আগামী দিন হচ্ছে দেশ গড়ার দিন, মানুষের ভাগ্য বদলের দিন। আমরা সবাই সতর্ক থাকলে আমাদের ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না।’ ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নেওয়া এবং ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

টাঙ্গাইলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করলে পর্যায়ক্রমে উন্নয়নমূলক কাজ শুরু করা হবে। টাঙ্গাইলের শাড়ি ও টুপিকে আন্তর্জাতিক বাজারে রপ্তানির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি যমুনা নদীতে ব্যারাজ নির্মাণ, শিল্পকারখানা স্থাপন, আনারস প্রক্রিয়াজাতকরণ এবং পাটশিল্প উন্নয়নের পরিকল্পনার কথা জানান।

এর আগে বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে জেলা বিএনপি আয়োজিত জনসভায় তারেক রহমান বলেন, ‘যারা বিভ্রান্তি ছড়াবে, তাদের একটাই পরিচয়—তারা গুপ্ত।’ তিনি বলেন, বিগত ১৬ বছর যারা জনগণের পাশে ছিল না, তারাই এখন বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।

তিনি বলেন, সিরাজগঞ্জ ও পাবনায় কৃষি ও শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সরকারে গেলে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলা, যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন শিল্প পার্ক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের জন্য সার, বীজ ও কীটনাশক সরাসরি পৌঁছে দিতে কৃষক কার্ড চালুর ঘোষণাও দেন তিনি।

তারেক রহমান আরও বলেন, আইটি খাতে কর্মরত যুবকদের প্রশিক্ষণ, বিদেশগামী কর্মীদের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার স্থাপন, ক্রীড়াবিদ তৈরির উদ্যোগ এবং ধর্মীয় নেতাদের জন্য সম্মানি ভাতার ব্যবস্থাও করা হবে।

বক্তব্য শেষে সিরাজগঞ্জ ও পাবনার বিভিন্ন আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের বিজয়ী করার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।

এছাড়া বগুড়া ও শেরপুরে একাধিক পথসভা ও মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান এবং বলেন, ‘বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

নির্বাচনি সভায় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

Leave A Reply


Math Captcha
40 − = 33