বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমি আপনাদের ঘরের সন্তান তারেক বলছি। বহু বছর পর আপনাদের এলাকায় এসেছি। আগে যখন আসতাম, এলাকা ঘুরে ঘুরে আপনাদের সঙ্গে কথা বলতাম, কাজ দেখতাম।’
শনিবার (তারিখ) বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে ঢাকা–বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার মাঝিঁড়া বন্দরে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভাটি ছিল বগুড়া-৭ আসন (গাবতলী–শাজাহানপুর) বিএনপি প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে।
তারেক রহমান বলেন, ‘এই এলাকার উন্নয়ন ও মানুষের দুঃখ-কষ্ট দেখভালের দায়িত্ব আমি মিল্টনের হাতে দিয়ে গেছি। ইনশা আল্লাহ ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে মিল্টনকে জয়যুক্ত করবেন। মিল্টনের মাধ্যমেই গাবতলী ও শাজাহানপুর এলাকার মানুষের সব কাজ করব।’
এ সময় তিনি জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘ধানের শীষকে জয়যুক্ত করবেন তো?’ জবাবে উপস্থিত জনতা হাত তুলে সমস্বরে ‘হ্যাঁ’ বলেন।
তারেক রহমান আরও বলেন, ‘আজকে আমাকে ছেড়ে দেন, আজকে যাই। আমি তো আপনাদের ঘরের ছেলে। ইনশা আল্লাহ দুদিন পর আবার আসব। আমার জন্য দোয়া করবেন, যেন দেশের জন্য কাজ করতে পারি।’
উল্লেখ্য, বগুড়া-৭ আসনের গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে তারেক রহমানের পৈতৃক বাড়ি। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে জয়ী হন। এবার খালেদা জিয়ার মনোনয়ন দেওয়া হলেও তাঁর মৃত্যুর কারণে প্রার্থী হয়েছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
এর আগে শনিবার বেলা ১১টায় বগুড়ার একটি হোটেলে বগুড়া-৬ (সদর) আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, ‘বগুড়া বিএনপির ঘাঁটি। এই ঘাঁটির দায়িত্ব আপনাদের দিয়ে গেলাম। জনগণকে দেখে রাখবেন।’
পরে বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে শেরপুর উপজেলার ধুনট মোড়ে এক পথসভায় বগুড়া-৫ আসনের বিএনপি প্রার্থী গোলাম মো. সিরাজের পক্ষে ভোট চান বিএনপির চেয়ারম্যান।
পথসভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের উদ্দেশে যাত্রা করেন, সেখানে তিনি আরেকটি নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে।

