Friday, November 6

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাট থেকে সাদিয়া রহমান মীম (২৭) নামে এক তরুণীর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালাচাঁদপুর পশ্চিমপাড়া পাকা মসজিদসংলগ্ন ৮৯ নম্বর বাড়ির দ্বিতীয় তলার বি-২ ফ্ল্যাটের মেঝে থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া রহমান মীম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার মুশুদ্দি পশ্চিমপাড়ার বাসিন্দা। তার বাবা মৃত শহীদ আলী। পুলিশ জানিয়েছে, মীম একটি বারে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন এবং পার্লারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, মীম পশ্চিম কালাচাঁদপুরের ওই ফ্ল্যাটে আরেক তরুণীর সঙ্গে বসবাস করতেন। তবে মরদেহ উদ্ধারের সময় ওই সহবাসী তরুণীকে পাওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মারুফ আহমেদ সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শুক্রবার দুপুর থেকে শনিবার রাত ৯টার মধ্যে যেকোনো এক সময় তাকে জবাই করে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে ময়নাতদন্তকারী চিকিৎসকদের মতামত চাওয়া হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Leave A Reply


Math Captcha
2 + 8 =