জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবিন। রোববার (আজ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পদত্যাগের ঘোষণা দিয়ে তাসনুভা জাবিন লেখেন, “আমি আজকে এনসিপি থেকে পদত্যাগ করেছি। অত্যন্ত ভাঙা মন নিয়ে জানাচ্ছি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি অংশগ্রহণ করতে পারছি না।”

তিনি বলেন, “সবচেয়ে কষ্ট লাগছে—আজকেই আম্মু চট্টগ্রাম থেকে আসছেন আমার নির্বাচন করা উপলক্ষে, আর আজকেই আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হলো। আমি জানি, অনেকে আমার এই সিদ্ধান্তে ভীষণ কষ্ট পেয়েছেন। কিন্তু এটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত। এখানে ন্যূনতম আশা থাকলে, আমি আমার আত্মসম্মানবোধকেও হয়তো ‘ডাউট অব বেনিফিট’ দিতাম।”

নির্বাচন উপলক্ষে সমর্থকদের কাছ থেকে পাওয়া অনুদান ফেরত দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। এ বিষয়ে তাসনুভা জাবিন বলেন, “আপনাদের পাঠানো ডোনেশন এক এক করে ফেরত দেব। আমাকে একটু সময় দেবেন। কীভাবে ধীরে ধীরে ফেরত দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত আপডেট দেব। প্রত্যেকটা পয়সা ফেরত দেওয়া হবে।”

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লেখেন, “আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ।”

রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তাসনুভা জাবিন বলেন, “আমি আগে কখনো রাজনীতি করিনি। জুলাইয়ে রাজপথে নামা ছিল পরিবর্তনের লক্ষ্যে, নতুন কিছুর আশায়। আমি মারা যাওয়ার আগ পর্যন্ত সেই চেষ্টা চালিয়ে যাব। দেশের গণতান্ত্রিক পরিবর্তনের জন্য আমার আওয়াজ আরও জোরালোভাবে চলবে।”

তিনি আরও উল্লেখ করেন, “মধ্যপন্থার বাংলাদেশপন্থী নতুন বন্দোবস্তের রাজনীতির জায়গাটি খালি পড়ে থাকল। আমি সেই জায়গা পূরণের চেষ্টা করে যাব। সময়ই বলে দেবে বাকিটা।”

এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতার পদত্যাগ ও ভিন্নমতের প্রেক্ষাপটে তাসনুভা জাবিনের এ সিদ্ধান্ত দলটির অভ্যন্তরীণ সংকটকে আরও স্পষ্ট করল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave A Reply


Math Captcha
62 + = 72