বিএনপি ও গণ অধিকার পরিষদের মধ্যে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হয়েছে। এ সমঝোতার আওতায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক রাশেদ খানের আসনে কোনো প্রার্থী দেবে না বিএনপি।

বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, দুই দলের মধ্যে আসনভিত্তিক সমঝোতার অংশ হিসেবে উল্লিখিত দুটি আসনে বিএনপি প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, দলের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানের নির্বাচনী আসন নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সমঝোতা হয়েছে। তবে সমঝোতা হলেও গণ অধিকার পরিষদ নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়েই নির্বাচনে অংশ নেবে।

তিনি আরও জানান, নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে নুরুল হক নুরকে মন্ত্রিত্ব দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি উচ্চকক্ষে একটি আসন এবং সংরক্ষিত একটি নারী আসনসহ মোট চারটি বিষয়ে সমঝোতা হয়েছে।

আবু হানিফ বলেন, ‘আমাদের সঙ্গে বিএনপির সমঝোতা হয়েছে দুটি আসনের বিষয়ে। এ ছাড়া আমাদের দলীয় প্রধান নুরুল হক নুরকে মন্ত্রিত্ব, উচ্চকক্ষে একটি আসন এবং একটি সংরক্ষিত নারী আসন দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়েছে।’

তিনি স্পষ্ট করে জানান, ‘আমরা ট্রাক প্রতীকেই নির্বাচন করব। ৩০০ আসনেই আমাদের প্রার্থী থাকবেন। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গণ অধিকার পরিষদের সব প্রার্থী দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনে অংশ নেবেন।’

এই সমঝোতাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলগুলোর মধ্যে রাজনৈতিক সমন্বয় ও কৌশলগত ঐক্যের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave A Reply


Math Captcha
− 1 = 3