আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (২২ ডিসেম্বর) তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, নির্বাচনের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, “দেশের সামগ্রিক স্থিতিশীলতা, সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় গণতান্ত্রিক রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

শহীদ শরিফ ওসমান হাদির প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, “ওসমান হাদি একজন প্রার্থী ছিলেন। তিনি নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু করেছিলেন এবং নিয়মিত প্রচারণা চালাচ্ছিলেন। তিনি গণতান্ত্রিক উত্তরণের পক্ষের মানুষ ছিলেন।”

আসিফ মাহমুদ আরও বলেন, গত দেড় বছরে সরকারে কাজ করার অভিজ্ঞতা তিনি নির্বাচনী এলাকায় জনগণের কল্যাণে কাজে লাগাতে চান।

Leave A Reply


Math Captcha
31 − 29 =