দেশের বর্তমান অস্থির, নিরাপত্তাহীন ও সংকটময় পরিস্থিতিতে সব নাগরিকের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে মোবাইলভিত্তিক ডিজিটাল থাম্ব ভোটিং পদ্ধতি চালুর দাবি জানিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ (Humanity Revolution Bangladesh)

শনিবার নির্বাচন পর্যবেক্ষকবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় সংগঠনটির মহাসচিব শেখ রায়হান রাহবার এই প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, দেশের সর্বস্তরের ভোটার—বিশেষ করে মা-বোনদের জন্য বর্তমান সময়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক এলাকায় প্রাণহানির আশঙ্কা, কেন্দ্র দখল, সহিংসতা ও ব্যাপক জালিয়াতির সম্ভাবনা বিদ্যমান। ফলে অর্ধেক জনসংখ্যা নারী ভোটারদের বিপুল অংশ ভোট দিতে না পারার আশঙ্কা রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, বিদেশে বসবাসরত প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোট অতীতে কার্যকর হয়নি এবং বাস্তবিকভাবেই এটি অসম্ভবপ্রায়। তাই দেশ-বিদেশের সব ভোটারের জন্য সমান ও নিরাপদ সুযোগ নিশ্চিত করতে নতুন প্রযুক্তিনির্ভর ভোটিং পদ্ধতি সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

শেখ রায়হান রাহবার বলেন,
“এস্তোনিয়ায় সফলভাবে প্রচলিত মোবাইল অ্যাপের মাধ্যমে ভোটার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে বৃদ্ধাঙ্গুলির ছাপ দিয়ে ভোট দেওয়ার ডিজিটাল ব্যবস্থা বাংলাদেশেও চালু করা যেতে পারে। এটিই হবে একমাত্র নিরাপদ, স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত ভোট প্রদানের আধুনিক পদ্ধতি।”

তিনি জানান, নির্বাচন কমিশনের নিজস্ব মোবাইল অ্যাপসের মাধ্যমে প্রত্যেক ভোটার ঘরে বসেই নিজের ভোটার আইডি ও বায়োমেট্রিক যাচাই সম্পন্ন করে নিজ নিজ প্রতীকে ভোট দিতে পারবেন। এতে নারী ভোটার, প্রবীণ, প্রবাসীসহ সব নাগরিক সমানভাবে অংশ নিতে পারবেন।

বর্তমান ব্যয়বহুল, ঝামেলাপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রভিত্তিক সিল মারার পদ্ধতির পরিবর্তে নিরাপদ ডিজিটাল ভোটিং ব্যবস্থা গ্রহণ করা না হলে গণতন্ত্র ও রাষ্ট্রের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব নয় বলেও সভায় মত দেন তিনি।

মতবিনিময় সভায় ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনা অনুযায়ী এই প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরার ঘোষণা দেওয়া হয়।

সংগঠনটির দাবি, প্রযুক্তিনির্ভর মোবাইল থাম্ব ভোটিং চালু হলে জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে, জনসম্পৃক্ততা বৃদ্ধি পাবে এবং একটি নিরাপদ, জালিয়াতিমুক্ত, গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।

Leave A Reply


Math Captcha
88 − = 78