ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র এবং নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-০১) একটি দল তাকে গ্রেপ্তার করে। এসআরবি সদর দপ্তরের একটি সূত্র কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, গ্রেপ্তারের পরই তাকে ডিবির হাতে তুলে দেওয়া হয়।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সবশেষ গত বছরের ১৩ নভেম্বর ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলায় তার বোন শাহানা হানিফ ও একজন কর্মচারীকেও আসামি করা হয়েছে।
একই বছরের ১০ ফেব্রুয়ারি সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। আবেদনে বলা হয়, এসব হিসাবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক পরিচয় কাজে লাগিয়ে তিনি দেশের বিভিন্ন স্থানে ও বিদেশে বিপুল সম্পদ গড়েছেন। ওই সম্পদের সঙ্গে জড়িত ব্যক্তিদের আর্থিক যোগসূত্রের তথ্যও মিলেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, হিসাবগুলো থেকে অর্থ সরানো বা তুলে নেওয়ার আশঙ্কা ছিল। তা হলে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের তদন্ত এবং অবৈধ অর্থ আইনগতভাবে জব্দ করা কঠিন হয়ে পড়ত।
এর আগে ঢাকা-৬ আসনের এই সাবেক সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ ও ভাই জাবেদ আহমেদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেন আদালত।

