রাজধানীর মোহাম্মদপুরে দুটি দেশীয় অস্ত্র ও ৩৮০ পিস ইয়াবাসহ ছিনতাইকারী চক্রের নেতা আলামিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোরে মোহাম্মদপুর থানাধীন ৪০ ফিট সংলগ্ন লাউতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির (সিপিএসসি) কমান্ডার হাসান মোহতারিম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আলামিন, আসলাম ও জুলহাস। এ সময় তাঁদের কাছ থেকে দুটি সামুরাই ও ৩৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
হাসান মোহতারিম জানান, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত। পাশাপাশি তাঁরা ছিনতাইকারীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছিলেন। মোহাম্মদপুর ও আদাবর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় ছিনতাইকারী ও কিশোর গ্যাং বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব অপরাধ দমনে নিয়মিত অভিযান চালাচ্ছে এসআরবি-২।
ছিনতাইকারী চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনতে পরিচালিত অভিযানের অংশ হিসেবেই তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

