মনছুর আলম মুন্না, স্টাফ রিপোর্টার, কক্সবাজার
কক্সবাজারের হিমছড়ি সৈকতের অনিরাপদ পয়েন্টে গোসল করতে নেমে ঢেউ ও স্রোতে ভেসে তিন তরুণ পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন নিখোঁজ এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ির ম্যারিনা রিসোর্ট-সংলগ্ন জাদুঘর এলাকার সৈকতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসানের (২৩) পরিচয় শনাক্ত হয়েছে। অপরজনের পরিচয় জানা যায়নি। নিখোঁজ দুজনের একজন এসএম নাফিসুর রহমান নিবিড় (২৩) বলে জানা গেছে।
জানা যায়, ঢাকার উত্তরা থেকে সাত বন্ধু ১৮ অক্টোবর বান্দরবানে ঘুরতে যান। দুই দিন পর ২১ অক্টোবর তারা কক্সবাজারে পৌঁছে হিমছড়ির প্যাঁচার দ্বীপ জাদুঘর-সংলগ্ন একটি রিসোর্টে ওঠেন। বিকেল ৪টার দিকে সাত বন্ধু অনুমোদিত নয় এমন একটি পয়েন্টে সাগরে গোসল করতে নামেন।
সূত্র জানায়, সাতজনের কেউই সাঁতার জানতেন না। এ সময় কাছাকাছি কয়েকজনকে পানিতে ডুবে যেতে দেখে তারা তাদের উদ্ধারে এগিয়ে গেলে নিজেরাও স্রোতের কবলে পড়েন। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে সৈকত থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, নিখোঁজ দুজনের সন্ধানে পুলিশ তল্লাশি চালাচ্ছে। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েমও জানান, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ রিজিয়নের পুলিশ সুপার নিশাদ এঞ্জেলা বলেন, ওই পয়েন্টটি গোসলের জন্য নির্ধারিত নয়। সাঁতার না জেনে সেখানে গোসলে নামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল।
নিখোঁজদের উদ্ধারে বিচকর্মী, লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশের একাধিক দল কাজ করছে।

