Thursday, October 22

জাতিসংঘের পরবর্তী মহাসচিব হওয়ার দৌড়ে সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কূটনীতিক লানা নুসাইবেহর নাম আলোচনায় এসেছে। বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ ২০২৬ সালের শেষ দিকে শেষ হওয়ার কথা।

ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নুসাইবেহর সমর্থকরা জাতিসংঘে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে সমর্থন যাচাই করছেন। তিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এর আগে ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতিসংঘে আমিরাতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

মহাসচিব পদে আনুষ্ঠানিক প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট ও জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার প্রধান রেবেকা গ্রিনস্প্যান। সর্বশেষ অনানুষ্ঠানিক ভোটে তিনি নয়টি সমর্থনসূচক ভোট পেয়েছেন। তবে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন দুই স্থায়ী সদস্য তার বিরোধিতা করেছে। দ্বিতীয় অবস্থানে থাকা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসিও দুটি বিরোধিতার মুখে পড়েছেন।

নুসাইবেহর প্রার্থিতা ঘিরে আঞ্চলিক রাজনীতিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সুদানের গৃহযুদ্ধে আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসকে সমর্থনের অভিযোগে আমিরাত সমালোচিত হলেও আবুধাবি এ অভিযোগ অস্বীকার করেছে। সৌদি আরব তার প্রার্থিতাকে কীভাবে দেখবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

এবার লাতিন আমেরিকা থেকে মহাসচিব নির্বাচনের পাশাপাশি একজন নারীকে এ পদে বসানোর অনানুষ্ঠানিক প্রত্যাশাও রয়েছে। তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, অঞ্চল বা লিঙ্গের চেয়ে প্রার্থীর যোগ্যতাকেই গুরুত্ব দেওয়া উচিত।

সূত্র: ফিন্যান্সিয়াল টাইমস

Leave A Reply


Math Captcha
23 + = 27