Thursday, October 22

রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় গিয়ে বিএনপির ৯ নেতাকর্মীর মোবাইল ফোন হারানোর খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে আটজন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হয়। এ জনসভায় মোবাইল ফোন হারিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান ও মহানগর বিএনপির সহসভাপতি আবুল কালাম আজাদ সুইটের ছেলে তাওসীফ আজাদও। এ ঘটনায় বোয়ালিয়া থানায় জিডি করা হয়েছে।

আবুল কালাম আজাদ সুইট বলেন, প্রধানমন্ত্রী বক্তব্য শেষ করে চলে যাওয়ার সময় তাঁর ছেলে মঞ্চের পেছনে দাঁড়িয়ে ছিলেন। ভিড়ের মধ্যে কেউ তাঁর ছেলের ফোন নিয়ে গেছে বলে তিনি ধারণা করছেন।

পুলিশ জানায়, ফোন হারানোর ঘটনায় রাজপাড়া থানায় সাতটি জিডি হয়েছে। এ ছাড়া বোয়ালিয়া থানায় একটি জিডি হয়েছে। তবে কেউ কেউ এখনো জিডি করেননি।

জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ফরহাদ বাদশাও জনসভায় মোবাইল ফোন হারিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, ফোন হারিয়ে যাওয়ায় তাঁর অ্যাকাউন্ট থেকে অনাকাঙ্ক্ষিত বার্তা বা বিব্রতকর পোস্ট গেলে তা এড়িয়ে যেতে হবে।

ফরহাদ বাদশা বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্য শেষে মাদ্রাসা মাঠের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সময় তাঁর পাঞ্জাবির পকেট কেটে মোবাইল ফোনটি চুরি করা হয়েছে। এ ঘটনায় তিনি জিডি করবেন।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এখন পর্যন্ত ফোন হারানোর ঘটনায় সাতটি জিডি হয়েছে। হারানো ফোন উদ্ধারে পুলিশ কাজ করছে। কোনো অপরাধী শনাক্ত হলে তাঁকে আইনের আওতায় আনা হবে।

Leave A Reply


Math Captcha
57 + = 61