মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক প্রতিমন্ত্রী ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাই ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক নেতা মো. কামরুজ্জামান রতন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া শোকবার্তায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
শোকবার্তায় কামরুজ্জামান রতন লেখেন, মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আব্দুল হাইয়ের প্রয়াণে তিনি গভীরভাবে শোকাহত।
তিনি আরও উল্লেখ করেন, ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
কামরুজ্জামান রতন বলেন, দীর্ঘকাল মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দিয়ে অঞ্চলের রাজনৈতিক ও আর্থসামাজিক উন্নয়নে আব্দুল হাইয়ের অবদান স্মরণীয় হয়ে থাকবে। দল-মতনির্বিশেষে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত এই রাজনীতিবিদের মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বর্ষীয়ান এই রাজনীতিবিদের মৃত্যুতে মুন্সীগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

