Friday, November 6

আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঠিক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) প্রার্থী করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি আবু সাদিক কায়েমকে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে যোগ দিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ তথ্য জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় সরকার নির্বাচনে দলগুলো আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। সে অনুযায়ী ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য জামায়াতের দুই প্রার্থী নির্ধারণ করা হয়েছে।

তিনি জানান, ডিএনসিসিতে নির্বাচন করবেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ডিএসসিসিতে নির্বাচন করবেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

মোহাম্মদ সেলিম উদ্দিন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। বর্তমানে তিনি দলটির ঢাকা মহানগর উত্তরের আমিরের দায়িত্ব পালন করছেন। জামায়াতে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

অন্যদিকে আবু সাদিক কায়েম ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সমন্বয়ক হিসেবে আলোচনায় আসেন। ২০২৫ সালের সেপ্টেম্বরের ডাকসু নির্বাচনে তিনি সহসভাপতি (ভিপি) নির্বাচিত হন। এর আগে ২০২৪ সেশনে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং পরে সংগঠনটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এদিকে ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের প্রসঙ্গেও কথা বলেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, যারা ‘প্রথাগত রাজনীতি’ করে এবং এই ভূখণ্ডের ইতিহাস জানে না, তারাই এ ধরনের আচরণ করতে পারে।

Leave A Reply


Math Captcha
+ 58 = 59