Thursday, November 5

মোঃ সাব্বির আহমেদ | ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করা আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিক হিরো আলম জানিয়েছেন, আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। দেশে ফিরে ঢাকায় সময় না দিয়ে সরাসরি ঠাকুরগাঁও যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

হিরো আলম বলেন, ‘চলতি মাসের আগামী ১৬ তারিখ দেশে ফিরব। দেশে ফিরে ঠাকুরগাঁও চলে যাব। অনেকের সঙ্গে ফোনে কথা হচ্ছে। তারা আমাকে বলছেন, আমি ভালো ভোট পাব।’

বর্তমানে সৌদি আরবে অবস্থান করলেও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে নিয়মিত ফোনে যোগাযোগ রাখছেন বলে জানান হিরো আলম। স্থানীয়দের কাছ থেকে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

দেশে ফেরার পর স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি দেখা করে তাদের কথা শোনা এবং নির্বাচনী মাঠের পরিস্থিতি বোঝার পরিকল্পনা রয়েছে তার। এরপর পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী করণীয় ঠিক করবেন বলে জানান তিনি।

এর আগে গত আগস্টে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছিলেন হিরো আলম। তখন তিনি জানিয়েছিলেন, উপনির্বাচন হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান।

এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর আসনটিতে ভোটগ্রহণ হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৭ সেপ্টেম্বর।

Leave A Reply


Math Captcha
− 6 = 2